arrow_back Back to Articles
Health Article

পা ফুলে যাওয়া: শরীরের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

Published: Aug 19, 2025 • Category: Health

আমাদের শরীর নানা উপায়ে তার সমস্যার জানান দেয়। তার মধ্যে একটি চোখে পড়ার মতো লক্ষণ হলো পা ফুলে যাওয়া, যা চিকিৎসা পরিভাষায় “Peripheral Edema” নামে পরিচিত। অনেকেই এটিকে অতি সাধারণ কিছু মনে করে অবহেলা করেন, কিন্তু এই ফোলা হতে পারে শরীরের অভ্যন্তরীণ জটিল সমস্যার প্রতিচ্ছবি।

দুই পা ফুলে যাওয়া

আমাদের শরীরে তরল বা ফ্লুইড রক্তনালির মাধ্যমে কোষ ও টিস্যুতে সুনিয়ন্ত্রিতভাবে চলাচল করে। যখন এই ভারসাম্য বিঘ্নিত হয়, অর্থাৎ রক্তনালির বাইরে তরল জমতে শুরু করে, তখনই এডিমা বা ফোলা দেখা দেয়।

দুই পা ফোলা সাধারণত সিস্টেমিক, অর্থাৎ সারা শরীরজুড়ে থাকা কোনো সমস্যার ইঙ্গিত দেয়। নিচে এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো।

সম্ভাব্য কারণ

  • হৃদপিণ্ড রক্ত যথাযথভাবে পাম্প করতে না পারলে পা ও নিচের অংশে রক্ত জমে ফোলা তৈরি হতে পারে, যেমন Congestive Heart Failure।
  • রক্তে অ্যালবুমিন নামক প্রোটিন কমে গেলে টিস্যুতে তরল ধরে রাখার ক্ষমতা কমে যায়, যেমন Nephrotic Syndrome বা Liver Cirrhosis। ফলে পা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়।
  • শরীরের লিম্ফ নালি যদি কোনো কারণে ব্লক হয়ে যায় বা সঠিকভাবে কাজ না করে, তাহলে ফ্লুইড সরে যেতে না পেরে পায়ে জমা হতে পারে।
  • কিডনির সমস্যা বা হরমোনের ভারসাম্যহীনতার কারণে শরীরে অতিরিক্ত লবণ ও পানি জমে থাকতে পারে, যার ফলেও দুই পা ফোলার ঝুঁকি বাড়ে।

এক পা ফুলে যাওয়ার প্রধান কারণসমূহ

পায়ের ত্বকে ব্যাকটেরিয়াল সংক্রমণ, যেমন সেলুলাইটিস, হলে পা লাল, উষ্ণ ও ফুলে যেতে পারে। ডায়াবেটিস রোগীদের মধ্যে এই সংক্রমণ আরও গুরুতর হতে পারে।

লিম্ফ নালীর সমস্যা হলে লসিকা তরল পায়ে জমে এক পা ফুলে যেতে পারে। এটি দীর্ঘমেয়াদী ও চিকিৎসাসাপেক্ষ অবস্থা।

শিরা সঠিকভাবে রক্ত ফেরত পাঠাতে না পারলে রক্ত নিচে জমে গিয়ে পা ফুলে যায়। এটি সাধারণত ধীরে ধীরে হয়।

পায়ে হালকা বা গুরুতর আঘাতও পেশির ফোলা ও প্রদাহ সৃষ্টি করতে পারে, যা সাময়িকভাবে পা ফুলে যাওয়ার কারণ হতে পারে।

কখন চিকিৎসকের পরামর্শ জরুরি

  • হঠাৎ এক পা বেশি ফুলে গেলে।
  • পা ফুলে যাওয়ার সঙ্গে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, জ্বর বা প্রস্রাব কমে গেলে।
  • মুখ, চোখ, পেট বা হাতও ফুলে গেলে।
  • ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট, কিডনি বা লিভারের রোগ থাকলে।

পা ফুলে যাওয়া একটি সাধারণ শারীরিক লক্ষণ হলেও, এর আড়ালে লুকিয়ে থাকতে পারে জটিল হার্ট, কিডনি কিংবা লিভারের রোগ। তাই একে অবহেলা না করে, সময়মতো সঠিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করা জরুরি।